

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন । শামসুল হক ভূঁইয়া ক্যান্সার আক্রান্ত ছিলেন বলে জানা যায়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
তিনি স্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডা. আনোয়ারা হক, ১ পুত্র ও ১ কন্যাকেসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষী রেখে চলে গেছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে "ঈগল" প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। এই নির্বাচনে নৌকা প্রতীকের মুহম্মদ সফিকুর রহমানের কাছে ১ হাজার ৩৩ ভোটের ব্যবধানে হেরে যান ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এ ছাড়া দীর্ঘ প্রায় একযুগের কাছাকাছি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকাস্থ ফরিদগঞ্জ ও চাঁদপুর জেলা সমিতি সভাপতি, বৃহত্তর কুমিল্লা জেলা সমিতি সভাপতি, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি, একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ছিলেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
এদিকে সাবেক সংসদ সদস্য, রাজনীতিক ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার মৃত্যুতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলালসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছেন।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়ার সম্ভ্রান্ত ভূঁইয়া পরিবারে জন্ম গ্রহণ করেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার পিতার নাম ছিল মোহাম্মদ হাসমত উল্লাহ এবং মাতা হাজেরা খাতুন।
এক সময় ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ছিলেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। অবসরে যাওয়ার পর রাজনীতিতে প্রবেশ করেন তিনি। সামাজিক পরিচিতিও ছিল বেশ। এলাকায় স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন তিনি।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com