চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

ভিন্ন প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহারসহ অনিয়মে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর : চাঁদপুরে ভিন্ন প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে সামগ্রী বিক্রি এবং পণ্যের গায়ে খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অপরাধে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে শহরের ৫ নম্বর ঘাট স্ট্যান্ড রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, অভিযানে দেখা যায় টাইলস ক্লিনার, ফ্লোর ক্লিনার এবং ভিক্সল তৈরিতে ভিন্ন প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি পণ্যের গায়ে খুচরা মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি। এসব অনিয়মের দায়ে ‘চায়না ভ্যারাইটিজ’ নামের প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিভিন্ন নাম ও ঠিকানাবিহীন প্যাকেট ধ্বংস করা হয়েছে।

অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।