চাঁদপুরে জ্বালানি তেল মজুদে গড়মিলসহ অনিয়মে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর : চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জ্বালানি তেল মজুদে গড়মিল এবং পণ্যের মোড়কে তথ্য না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) শহরের নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, একটি প্রতিষ্ঠানে জ্বালানি তেল মজুদের হিসাবের গড়মিল রয়েছে। অন্য একটি প্রতিষ্ঠানের পণ্যের মোড়কে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ ছিল না।

এ অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রশাসনিক ব্যবস্থা হিসেবে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করে। মেসার্স সেলিম ব্রাদার্সকে ৫ হাজার টাকা এবং সেবা এগ্রো কেমিক্যালসকে ৫ হাজার টাকা, মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন এবং প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করেন।

অভিযান চলাকালে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় নিরাপত্তা ও সহায়তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।