চাঁদপুরে চরে টপসয়েল কাটার অভিযোগে অভিযান, ২ জন আটক ও ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ দিন আগে

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের চরে প্রজেক্ট তৈরির নামে ভেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির টপসয়েল কাটার অভিযোগে দুইজনকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচটি ভেকু বিকল করা হয় এবং আটক দুজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গত মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিরা হলেন—ভেকুর শ্রমিক হাফেজ মাল (৩৮) ও গোলাম রাব্বানী (৩০)।

কৃষকদের অভিযোগ

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী একাধিক কৃষক জানান, ইব্রাহীমপুর ইউনিয়নের চালিতাতলী মৌজার চরে দীর্ঘদিন ধরে কৃষিকাজ হয়ে আসছে। এসব চরে প্রতি মৌসুমে সরিষা, আলু, ধনিয়া, কালিজিরা, ধানসহ বিভিন্ন শাক–সবজির আবাদ হয়। চরাঞ্চলগুলো এলাকার মানুষের জীবিকা ও খাদ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ উৎস; হাজারো মানুষ এ কৃষিকাজের ওপর নির্ভরশীল।

তাঁদের অভিযোগ, পাশ্ববর্তী শরীয়তপুর জেলার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে একটি চক্র ফসলি জমি নষ্ট করে চর কেটে দখলের মাধ্যমে প্রজেক্ট তৈরির চেষ্টা করছে। এ জন্য বিভিন্ন জেলা থেকে শ্রমিক এনে পাঁচ থেকে ১০টি ভেকু দিয়ে জমির উর্বর টপসয়েল কেটে নেওয়া হচ্ছিল।

ভুক্তভোগী কৃষকদের পক্ষ থেকে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও সদর উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানা গেছে। অভিযোগ রয়েছে, এ ঘটনায় প্রতিবাদ করায় ক্ষতিগ্রস্ত কৃষকদের হুমকি–ধমকি দেওয়া হচ্ছে।

প্রশাসনের অবস্থান

সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি বলেন, সরকারি জমি ও চর দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কৃষিজমি রক্ষায় প্রশাসনের ধারাবাহিক নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।