
নাজমুল হোসেন : গুগল ম্যাপভিত্তিক বৈশ্বিক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম গুগল লোকাল গাইডস-এর আন্তর্জাতিক সম্মেলন ‘কানেক্ট লাইভ ২০২৬’-এ অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন লক্ষ্মীপুরের তরুণ প্রযুক্তিপ্রেমী ও স্বেচ্ছাসেবক মো. গাজী ছালা উদ্দিন।
আগামী ৩০ ও ৩১ জুলাই সিঙ্গাপুরে গুগলের কার্যালয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ বছর বিশ্বের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত লোকাল গাইডদের নিয়ে তিনটি আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছে গুগল। এর মধ্যে ইউরোপ অঞ্চলের সম্মেলন আয়ারল্যান্ডের ডাবলিনে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্মেলন সিঙ্গাপুরে এবং আমেরিকা ও ল্যাটিন আমেরিকা অঞ্চলের সম্মেলন মেক্সিকোতে অনুষ্ঠিত হচ্ছে।
জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে মাত্র সাতজন লোকাল গাইড এই সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন। তাদেরই একজন মো. গাজী ছালা উদ্দিন। প্রায় এক দশক ধরে তিনি গুগল লোকাল গাইডসের সঙ্গে যুক্ত থেকে গুগল ম্যাপে তথ্য সংযোজন, হালনাগাদ, ভুল তথ্য সংশোধন, অনুপস্থিত সড়ক যুক্ত করা এবং অ্যাক্সেসিবিলিটি-সংক্রান্ত তথ্য সমৃদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ কাজ করে আসছেন।
লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের বাসিন্দা গাজী ছালা উদ্দিন পেশায় একজন চাকরিজীবী। চাকরির পাশাপাশি ডিজিটাল মানচিত্র উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের তথ্য গুগল ম্যাপে যুক্ত করে তাদের বৈশ্বিক পরিচিতি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই তরুণ।
এ ছাড়া লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন স্থানে গুগল ম্যাপবিষয়ক প্রশিক্ষণ, ম্যাপ এডিটিং মিটআপ, ফটোওয়াক এবং সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকেন তিনি। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীদের গুগল ম্যাপে তথ্য সংযোজন, নতুন রাস্তা ও স্থাপনা যুক্ত করা এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
বর্তমানে তিনি বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটির একজন সক্রিয় সদস্য। কাজের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে গুগল লোকাল গাইডস কমিউনিটি থেকে ‘গাইডিং স্টার’ এবং ২০২৩ সালে কানেক্ট ফোরাম মিটআপ চ্যাম্পিয়ন নির্বাচিত হন তিনি। পাশাপাশি বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটির ব্যানারে গত সাত বছর ধরে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছেন। এ পর্যন্ত প্রায় চার হাজার গাছ রোপণ ও বিতরণ করেছেন এই স্বেচ্ছাসেবক।
নিজের এই অর্জন নিয়ে মো. গাজী ছালা উদ্দিন বলেন, ‘এটি আমার জীবনের অন্যতম বড় অর্জন। একজন লোকাল গাইড হিসেবে গুগলের আমন্ত্রণ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। সম্মেলনে বাংলাদেশের, বিশেষ করে গ্রামাঞ্চলের গুগল ম্যাপ-সংক্রান্ত বিভিন্ন বাস্তব সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গুগলের সংশ্লিষ্ট দলের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। এতে দেশের ডিজিটাল মানচিত্র আরও নির্ভুল ও ব্যবহারবান্ধব হবে বলে আমি বিশ্বাস করি।’
উল্লেখ্য, ‘কানেক্ট লাইভ’ গুগল লোকাল গাইডসের একটি আমন্ত্রণভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন। এতে কেবল গুগল কর্তৃক নির্বাচিত স্বেচ্ছাসেবকেরাই অংশগ্রহণের সুযোগ পান। বিশ্বের বিভিন্ন দেশের লোকাল গাইডরা এ সম্মেলনে গুগল ম্যাপ উন্নয়নে নিজেদের অভিজ্ঞতা, মতামত ও বাস্তব সমস্যার কথা গুগলের সংশ্লিষ্ট দলের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
