
আলমগীর মোল্লা : গাজীপুরের কালীগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (২০) ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী বৃদ্ধ লোকমান হোসেনের (৭০) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুলাই বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ২০ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী তরুণী বাড়ি থেকে বের হয়ে রাস্তায় ঘুরাঘুরি করছিলেন। এ সময় প্রতিবেশী মৃত তোরাব আলীর পুত্র লোকমান হোসেন তাকে রাস্তা থেকে নিজের ঘরে ডেকে নিয়ে যান। সেখানে ধর্ষণের উদ্দেশ্যে তরুণীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেওয়া হয় এবং কামড় দিয়ে বিভিন্ন স্থানে জখম করা হয়।
সন্ধ্যা পর্যন্ত তরুণী বাড়িতে না ফেরায় তার মা তাকে খুঁজতে বের হন। এরই মধ্যে ভুক্তভোগী তরুণী কান্নারত অবস্থায় বাড়িতে ফিরে আসেন। যন্ত্রণায় কাঁদতে থাকা তরুণীর শরীরের বিভিন্ন স্থানে কামড় ও আঁচড়ের দাগ দেখে তার ভাবী ও পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনার বিষয়ে জানতে চান। এ সময় তরুণী অভিযুক্ত লোকমান হোসেনের দিকে তাকাতেই লোকমান হোসেন ও তাঁর স্ত্রী এসে প্রতিবন্ধীর মা ও স্থানীয়দের পায়ে ধরে ক্ষমা চাইতে শুরু করেন। স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হতে থাকলে একপর্যায়ে তারা সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় বুধবার (২২ জুলাই) ভুক্তভোগী তরুণীর মা হেলেনা বেগম বাদী হয়ে অভিযুক্ত লোকমান হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং: ২৯(৭)২৬)।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, ভুক্তভোগী তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্ত লোকমান হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com