

নিজস্ব প্রতিনিধি: গঙ্গাচড়ায় কৃষি খাতে আমূল পরিবর্তন এনেছেন ২৮ মার্চ ২০২৪ তারিখে যোগ দেওয়া উপজেলা কৃষি কর্মকর্তা। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি কৃষকদের পাশে থেকে একের পর এক কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এলাকায় কৃষি উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছেন।
সার বিতরণে শৃঙ্খলা ও কৃষকের দোরগোড়ায় সেবা
সার সংকট নিরসন ও নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সহায়তায় ৪ জন ডিলারের পয়েন্ট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে কৃষক পর্যায়ে দোরগোড়ায় সার পৌঁছানো সম্ভব হয়েছে।
উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি অফিসের ক্যাডার কর্মকর্তাদের সমন্বয়ে এখন পর্যন্ত বিভিন্ন অনিয়মের দায়ে সার ডিলারদের প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বীজ ও কীটনাশকের ভেজাল দমনে অভিযান
বীজ ও কীটনাশকের ভেজাল প্রতিরোধে নিয়মিত টাস্কফোর্সের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় এবং ভেজালের অভিযোগে বিভিন্ন দোকানে জরিমানা করা হয়। এতে কৃষি উৎপাদনে সঠিক মান নিশ্চিত হয়েছে।
প্রণোদনা বিতরণে স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত
উপজেলা কৃষি কর্মকর্তার ব্যতিক্রমধর্মী উদ্যোগের ফলে আমন প্রণোদনার লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে গঙ্গাচড়া। অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও সকল স্টাফের সমন্বয়ে সব ধরনের কৃষি প্রণোদনা বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
বিশেষ উদ্যোগ হিসেবে প্রতিটি কৃষকের উপস্থিতি নিশ্চিত করে, উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে সঠিক সনাক্তকরণের পর প্রণোদনা বিতরণ করা হয়, যা কৃষকদের মাঝে ব্যাপক স্বচ্ছতা নিশ্চিত করেছে।
জৈব সার উৎপাদনে ক্লাস্টার মডেলের সাফল্য
মাটির স্বাস্থ্য উন্নয়নে ‘ইফনাপ’ প্রকল্পের সহায়তায় ক্লাস্টার ভিত্তিক জৈব সার উৎপাদন কার্যক্রম চালু করা হয়। এতে ১২ জন নতুন উদ্যোক্তা তৈরি হয় এবং তাদের উদ্বুদ্ধ করে ৩ জন সফল জৈব সার উদ্যোক্তা তৈরি করা হয়েছে। রেকর্ড পরিমাণ জৈব সার উৎপাদন করে তা কৃষকদের মাঝে বাজারজাত করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
চরাঞ্চলে বিকল্প চাষাবাদের বিপ্লব উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে ক্যাডার কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের কারিগরি সহযোগিতায় চরাঞ্চলে কৃষিতে নতুন বৈচিত্র সূচিত হয়েছে।
গতানুগতিক তামাক চাষের পরিবর্তে এখন চরে স্যান্ডবার পদ্ধতিতে মিষ্টি কুমড়া, মালচিং প্রযুক্তিতে উচ্চ ফলনশীল সবজি, পাশাপাশি মসলা ও ডালজাতীয় ফসলের আবাদ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
ফলে চরাঞ্চলের কৃষকরা কম খরচে বেশি লাভবান হচ্ছেন।
গঙ্গাচড়ার নবনীদাস গ্রামের কৃষক মোঃ রফিকুল ইসলাম, আব্দুল হাকিম এবং মোঃ আশরাফুল ইসলাম জানিয়েছেন, তারা আমন প্রণোদনাসহ ডিলারদের কাছ থেকে সার, বীজ ও অন্যান্য কৃষি সহায়তা সঠিকভাবে পেয়েছেন।
তাদের ভাষায়, “বর্তমানের এই স্যার খুব ভালো এবং সৎ। তিনি কৃষি ও কৃষকের কল্যাণে সবসময় কাজ করেন।”
অল্প সময়ে কৃষি খাতে গৃহীত এসব কার্যকর উদ্যোগ গঙ্গাচড়ার কৃষিতে ইতিবাচক পরিবর্তন এনে এলাকায় ‘মডেল উপজেলা’ হিসেবে পরিচিতি লাভ করেছে।
কৃষকবান্ধব এসব পদক্ষেপ কৃষি সম্প্রসারণ ও নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com