
সাতক্ষীরার ৭টি উপজেলায় খেজুরের রস সংগ্রহ ও রস জ্বালিয়ে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। শীত যত বাড়ছে, খেজুরের গুড়ের চাহিদাও বাড়ছে। পাশাপাশি রস জ্বালিয়ে তৈরি করা গুড়ের চাহিদাও অনেক। টানা ৫ মাস চলে গাছিদের এ কর্মযজ্ঞ। এরই মধ্যে গুড় তৈরি করে সারা বছর তার চাহিদা মেটানো হয়। ওই ৫ মাসের উপার্জনেই সংসার চলে অনেক চাষির।শীত মৌসুমে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য গ্রামাঞ্চলের ঘরে ঘরে খেজুর রস দিয়ে তৈরি হয় হরেক রকমের পিঠা ও পায়েস।
পাশাপাশি খেজুরের গুড় দিয়ে তৈরি হয় নানান পিঠাপুলি। তাই বাণিজ্যিকভাবেও খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করতে হচ্ছে গাছিদের।জানা যায়, খেজুরের রস আহরণের মধ্যদিয়েই গ্রামীণ জনপদে শুরু হয় শীতের আমেজ।
সে হিসেবে সাতক্ষীরা ওযশোরাঞ্চলে খেজুর গাছ থেকে রস আহরণের পূর্ব প্রস্তুতি শীত আসার জানান দিচ্ছে।
গাছিরা জানান, প্রথমে ধারালো দা দিয়ে খেজুর গাছের মাথার সোনালি অংশ বের করছেন তারা। এর ৮ থেকে ১৪ দিন পর নোলন স্থাপন করা হবে। এর সপ্তাহখানেক পর শুরু হবে সুস্বাদু খেজুর রস আহরণের কাজ।
তারা আরও জানান, প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যার মধ্যেই খেজুর গাছের সাদা অংশ পরিষ্কার করে ছোট-বড় মাটির কলস বেঁধে রাখা হয় রসের জন্য। এরপর ভোর থেকেই ওইসব গাছ থেকে রস সংগ্রহ করা হয়। সকালের দিকে কেউবা রস কিনে নিয়ে যায়। আবার এই রস দিয়ে পাটালি ও লালি গুড় তৈরি করে বিক্রি করে থাকেন তারা।জানা গেছে, সাতক্ষীরা সদর, তালা এবং আশাশুনি উপজেলার গ্রামগুলোতে খেজুর গাছের সংখ্যা বেশি। এসব খেজুর গাছ থেকে রস আহরণ ও গুড় তৈরি করে লাভবান হচ্ছেন গাছিরা। আবার বাড়তি লাভের আশায় এসব এলাকায় আসছেন অন্য জেলার গাছিরাও। খেজুর গুড় তৈরির পেশায় এখন বাড়তি আয়ে খুশি তারা।
সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর গোদাঘাটা এলাকার এক গাছি জানান, এ বছর এলাকায় আড়াইশ’ গাছ লিজ নিয়ে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করে থাকি। তবে তার উৎপাদিত এই গুড় বিক্রিতে কোনো ঝামেলা নেই। সকালের দিকে ক্রেতারা এসে নগদ টাকা দিয়ে কিনে নিয়ে যায়।
তবে তিনি অভিযোগ করে বলেন, এলাকার কিছু মানুষ রাতের আঁধারে রস খেয়ে আবার হাঁড়ি ভেঙে ফেলে রাখে। এতে করে আমাদের বছরে এক থেকে দেড়শ’ হাঁড়ি আবার নতুন করে কিনতে হয়।স্থানীয় খেজুর রস ক্রেতা মো. হোসেন আলী বলেন, শীতের সকালে গাছ থেকে নামানো কাঁচা রসের স্বাদ বর্ণনা করা সম্ভব নয়। এ ছাড়াও জ্বাল দেয়া রসের তৈরি বিভিন্ন সুস্বাদু খাবার অতুলনীয়। এখান থেকে রস কিনে বোতলে করে বাড়ির জন্য নিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।অনলাইনে খেজুরের খাঁটি গুড় বিক্রি করেন দিনা আক্তার।
তিনি জানান, খেজুরের বহুল ব্যবহার নিয়ে বর্ণনার শেষ নেই। রস দিয়ে নানা রকম পিঠা, পায়েস, গুড়, কুটির শিল্প, আয় ও কর্মসংস্থান হয়। সার্বিক বিবেচনায় খেজুর সমধিক গুরুত্ববহ একটি প্রজাতি। মানুষ খেজুরের খাঁটি গুড় পেতে চায়। কিন্তু অনেক সময় দুস্কর হয়ে পড়ে। তবে আমি ভোর থেকে গাছিদের রস সংগ্রহ করার পরতা জ্বালিয়ে তৈরি করা গুড় ও পাটালি বিভিন্ন ভোক্তাদের কাছে পাঠিয়ে থাকি।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ বলেন, খেজুরের গুড় পাঠালি বাংলার একটি ঐতিহ্যবাহী প্রাচীন খাদ্য তালিকায় খেজুরের গুড়ে শীতকালীন পিঠা মিঠা তৈরি সহ নানা রকম খাদ্য সামগ্রী হিসেবে মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় সাতক্ষীরা জেলার এই খেজুর গাছ খেজুরের গুড় খেজুরের পাটালি খেজুরগাছি টিকিয়ে রাখার জন্য সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, যদিও সাতক্ষীরা জেলা লবণ পানি এলাকা চিংড়ি চাষে বিখ্যাত এ জেলা তার পরেও খেজুরের গাছ যার যার বাড়ি আছে সেগুলো প্রতিবছর নিয়মিত পরিচর্যা করে বাঁচিয়ে রাখতে হবে, এজন্য সরকারের সহতা প্রয়োজন হলে সরকার সাতক্ষীরার প্রাচীনতম খেজুর গাছ খেজুরের রস খেজুরের পাটালি খেজুরের গুড় টিকিয়ে রাখতে যা যা প্রয়োজন সব সহায়তা করব।
