
সিরাজুল ইসলাম, সাতক্ষীরা : খুলনা মহানগরীতে এক যুবককে খুঁজতে গিয়ে তাঁর বাবাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে একদল দুর্বৃত্ত। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই যুবকের মায়ের শরীরে লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নগরের সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষার মাধ্যমে তাঁর শরীরের ভেতরে থাকা গুলির অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। তিনি খুলনা নিউমার্কেটের এক মোবাইল ব্যবসায়ীর স্ত্রী।
ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, সকালে তিন থেকে চারজনের একটি সশস্ত্র দল তাঁদের বাসায় ঢুকে তাঁর ছেলে হৃদয়কে খুঁজতে থাকে। হৃদয় দুই দিন ধরে বাসায় নেই বলে জানালেও দুর্বৃত্তরা তা বিশ্বাস করতে চায়নি।
তিনি বলেন, একপর্যায়ে তিনি বাসার প্রধান ফটকের গ্রিল খুলতে গেলে দুর্বৃত্তদের একজন তাঁকে লক্ষ্য করে পিস্তল উঁচিয়ে গুলি করার চেষ্টা করে। তখন তিনি নিচু হয়ে যান। এতে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর পেছনে দাঁড়িয়ে থাকা স্ত্রীর শরীরে লাগে।
ওই ব্যবসায়ী জানান, তাঁর ছেলে হৃদয় খুলনা নিউমার্কেটের মোবাইলের দোকানে তাঁকে কাজে সহযোগিতা করেন। পাশাপাশি পড়াশোনাও করেন। বর্তমানে তিনি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। হামলাকারীদের দেখলে তিনি চিনতে পারবেন বলেও জানান তাঁর বাবা।
গুলির ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারা ওই হামলা চালিয়েছে এবং হৃদয়কে কেন খুঁজতে তারা তাঁর বাড়িতে এসেছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আহত নারীর ছেলের সঙ্গে একটি বিরোধের বিষয় সামনে এসেছে। এ বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে সবকিছু মিলিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
