
সুজন শেখ খানসামা দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার সাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের বাইরে জাতীয় পতাকা উত্তোলন নিয়ে এলাকায় প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বিদ্যালয়টিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তবে বিধি অনুযায়ী নির্ধারিত সময় শেষে পতাকা নামানো হয়নি। বিদ্যালয়টি আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকার কথা থাকলেও ১৭ ডিসেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় রয়েছে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের একটি অংশ মনে করছে, জাতীয় পতাকা উত্তোলন ও অবতরণসংক্রান্ত রাষ্ট্রীয় বিধিবিধান যথাযথভাবে অনুসরণ না করায় বিষয়টি জাতীয় পতাকার মর্যাদার পরিপন্থী।
এ বিষয়ে সাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয় ২৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রয়েছে। সকালে একটি ছেলে এসে পতাকা উত্তোলন করেছে। হয়তো বিদ্যালয় খোলা মনে করেই সে এটি করেছে।
খানসামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার বলেন, বিষয়টি তিনি দেখছেন।
