
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুর দেড়টায় ডিবি কার্যালয়ে প্রবেশ করেন ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম। তিনি আরও পাঁচজনের সঙ্গে ডিবি কার্যালয়ে যান।
মুক্তিপ্রাপ্ত ছয় সমন্বয়ক হলেন মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ এবং নুসরাত তাবাসসুম। ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৬টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে তাদের পরিবারের সদস্যদের আসতে বলা হয়।
বিষয়টি নিশ্চিত করে নাহিদের বাবা বদরুল ইসলাম বলেন, তারা নাহিদকে নিয়ে বাড্ডার বাসায় ফিরছেন। তিনি নিশ্চিত করেন যে নাহিদসহ কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককেই মুক্তি দেওয়া হয়েছে।
এদিকে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকও সাংবাদিকদের জানান, ডিবির হেফাজতে থাকা বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়েছে।
আইনমন্ত্রী বলেন, “এটা সঠিক যে তারা (ছয় সমন্বয়ক) নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল। সে ব্যাপারে জিডিও করা আছে। ফলে আজ যখন তারা বলছে তাদের নিরাপত্তার আর প্রয়োজন নেই এবং তারা যখন চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তখন আমরা তাদেরকে কোন বাধা দেইনি। তারা চলে গেছে।”
এই মুক্তির খবরে কোটা সংস্কার আন্দোলনের কর্মীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
আন্দোলনকারীরা আশা করছেন যে তাদের দাবিগুলো শিগগিরই সমাধান হবে।
