কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ সপ্তাহ আগে

আলামীন রংপুর : রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয় (প্রতিষ্ঠা ১৯০৯)-এ উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাহামুদার রহমান সোনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল আলম।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আকমাল হোসেন, আজিজুল ইসলাম, ইয়াফিক হোসেন, মাহিয়া আফ্রিনসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এছাড়াও শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল আলম বলেন, “খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের মধ্যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, সহযোগিতা ও স্পোর্টসম্যানশিপের মতো গুণাবলি গড়ে তোলে। সমাজ থেকে কুসংস্কার ও অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলারও কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী শিক্ষার্থী গড়ে তুলতে হবে।”

সভাপতির বক্তব্যে মাহামুদার রহমান সোনা বলেন,

“কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করতে নিয়মিত শিক্ষক সমন্বয় সভা, অভিভাবক সভা ও শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাঠদান কার্যক্রম সময়োপযোগী করতে শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা উন্নয়ন, নিয়মিত ক্লাস মনিটরিং ও পরীক্ষার ফলাফল বিশ্লেষণের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের বিশেষ সহায়তা প্রদান করা হচ্ছে।”

তিনি আরও বলেন,

“বিদ্যালয়ের শৃঙ্খলা, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। সহশিক্ষা কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করা হচ্ছে। প্রতি মাসে কার্যকরী মিটিংয়ের মাধ্যমে বিদ্যালয়ের আয়-ব্যয় স্বচ্ছভাবে পরিচালনা করা হচ্ছে এবং অবকাঠামোগত উন্নয়নসহ সকল প্রশাসনিক কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে।”

সভাপতি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,

“তোমরা নিয়মিত পড়াশোনা করবে, বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলবে এবং ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বাবা-মা ও বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে।”

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে। দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম পরিসমাপ্তি হয়।