লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে প্রায় দুই কিলোমিটার সড়ক সংস্কারকাজ শুরুর পরপরই অনিয়মের অভিযোগ উঠেছে। সড়কের এজিংয়ে নিম্নমানের ইট ব্যবহারের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ করে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুশাখালী ইউনিয়নের লোকার দোকান থেকে পুকুরদিয়া বাজার হয়ে পূর্ব চরমটুয়া গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ২ হাজার ১০০ মিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কটি সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৭৮ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেয়।
কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আরমান ট্রেডার্স। তবে সরেজমিনে কাজ পরিচালনা করছেন দুলাল নামে এক ব্যক্তি।
কাজ শুরুর পর থেকেই সড়কের পাশে রাখা ইটের মান নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, ব্যবহৃত ইটগুলো এতটাই নিম্নমানের যে লাথি দিলেই ভেঙে যাচ্ছে। একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও কোনো প্রতিকার না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী কাজ বন্ধ করে বিক্ষোভ করেন।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলেন, প্রায় ১৫ হাজার মানুষের জেলা সদরে যাতায়াতের একমাত্র ভরসা এই সড়কটি। আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও এই পথ ব্যবহার করেন। তাই সড়কটি টেকসই ও মানসম্মতভাবে নির্মাণের দাবি জানান তাঁরা।
এলাকাবাসীর অভিযোগের পর এলজিইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এরপরও একই ইট দিয়ে পুনরায় কাজ চালানো হচ্ছে বলে দাবি করেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে ঠিকাদার দুলাল বলেন, ‘কিছু ইট খারাপ এলেও সব ইট খারাপ নয়। এলাকাবাসী কাজ বন্ধ করে দেওয়ায় কাজ ব্যাহত হচ্ছে।’
এ বিষয়ে এলজিইডি লক্ষ্মীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, ‘নিম্নমানের কাজের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com