নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার একটি গ্রামে প্রথমবারের মতো বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা ও ডায়াবেটিস স্ক্রিনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের মধ্যে এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে।
শুক্রবার (১০ এপ্রিল) জেলার লাকসাম উপজেলার মনপাল গ্রামের মোল্লা বাড়িতে এ আয়োজন করে কুমিল্লা লিভার ক্লাব। কর্মসূচিতে গ্রামের শতাধিক মানুষ অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোহাম্মদ ইজাজুল হক। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি প্রকৌশলী গোলাম সারোয়ার, লুৎফুল বারী চৌধুরী হিরু, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও ট্রেজারার আবদুল হালিম মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী সদস্য মহিউদ্দিন মোল্লা।
ডা. মোহাম্মদ ইজাজুল হক বলেন, “হেপাটাইটিস বি একটি মারাত্মক ভাইরাসজনিত সংক্রমণ, যা লিভারকে ক্ষতিগ্রস্ত করে। সময়মতো শনাক্ত ও চিকিৎসা না হলে এটি লিভার সিরোসিস কিংবা ক্যান্সারের কারণ হতে পারে।”
তিনি আরও জানান, বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত এবং তাদের একটি বড় অংশ দীর্ঘমেয়াদি প্রদাহে ভুগছেন, যা ভবিষ্যতে জটিল রোগের ঝুঁকি বাড়ায়।
বিনামূল্যে এই সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। গ্রামের বাসিন্দা নুর মিয়া মোল্লা, অহিদুল ইসলাম ও জাহানারা বেগম বলেন, এ ধরনের চিকিৎসাসেবা গ্রামে খুব কমই পাওয়া যায়। বিশেষ করে হেপাটাইটিস বি পরীক্ষার মতো ব্যয়বহুল সেবা বিনামূল্যে পেয়ে তারা উপকৃত হয়েছেন।
আয়োজকরা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়ানো এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com