কুমিল্লায় মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

কুমিল্লা প্রতিনিধি : “সুস্থ শ্রমিক, দক্ষ হাত—নতুন দিনের অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

শুক্রবার (১ মে) সকালে দিবসটি উপলক্ষে কুমিল্লা নগরীর টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আঞ্চলিক শ্রম দপ্তর কুমিল্লার উপ-পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নস মোহাম্মদ আবুল বাসার এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মজিবুর রহমান ভূঁইয়া। এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ মোল্লা টিপু বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নির্ধারিত কর্মঘণ্টা, স্বাস্থ্য সুরক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।