কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিস্তারিত জানাতে দুপুরে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

নিহত বুলেট বৈরাগী (৪১তম বিসিএস, নন-ক্যাডার) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় থাকতেন।

কাস্টমস সূত্র জানায়, প্রশিক্ষণে অংশ নিতে গত ১১ এপ্রিল চট্টগ্রামে যান বুলেট বৈরাগী। প্রশিক্ষণ শেষে গত শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে চট্টগ্রামের অলংকার মোড় থেকে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে পরিবারের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল।

পরিবারের সদস্যরা জানান, রাত ১টা ২৫ মিনিটে সর্বশেষ ফোনে তিনি জানান, কুমিল্লা নগরের টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন। এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।

পরদিন শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশ থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় লোকজন মরদেহটি পড়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশকে খবর দেয়।

ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করে। ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালায় র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে হত্যার কারণ, পরিকল্পনা ও ঘটনার পেছনের প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। এ ছাড়া এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।