
আলামীন রংপুর : ইটভাটা খাতে বিদ্যমান সমস্যা ও করণীয় বিষয়ে রংপুরে জেলা ইটভাটা মালিক সমিতির সঙ্গে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১.৩০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর নগরীর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ রংপুরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ রংপুরের উপ-কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা সন্তোষ সরেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার (চলতি দায়িত্ব) মোহাম্মদ সফিউর রহমান।
মতবিনিময় সভায় ইটভাটা মালিকরা ভ্যাট ও কর পরিশোধে বাস্তবমুখী সমস্যাগুলো তুলে ধরেন। এ সময় কর ব্যবস্থাপনা সহজীকরণ, ব্যবসাবান্ধব রাজস্ব কাঠামো, নিয়ম মেনে ইটভাটা পরিচালনা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কর কর্মকর্তাদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর ও মতামত বিনিময় হয়।
সভায় জেলা ইটভাটা মালিক সমিতির পক্ষে বক্তব্য দেন সাধারণ সম্পাদক এম আজিজুল হক, সহ-সভাপতি এনামুল হক, কোষাধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি দুদু, ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম রঞ্জু এবং কাউনিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সফিউর রহমান বলেন, সরকার রাজস্ব আদায়ের পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। নিয়ম মেনে কর পরিশোধ এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হলে ইটভাটা শিল্প আরও গতিশীল হবে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভিন্ন পর্যায়ের সহকারী রাজস্ব কর্মকর্তা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com