কালীগঞ্জে প্রায় ১৭ কোটি টাকার তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

দৃষ্টিনন্দন সড়ক নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজের সূচনা

মোঃ আলমগীর মোল্লা, নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রায় ১৭ কোটি টাকার তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি দৃষ্টিনন্দন সড়ক নির্মাণ প্রকল্প, একটি সড়ক উন্নয়ন প্রকল্প এবং একটি এইচবিবি সড়ক নির্মাণ প্রকল্প।

বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ এ কে এম ফজলুল হক মিলন।

সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৭৬ লাখ ৫৬ হাজার ৬৫৮ টাকা ব্যয়ে মোক্তারপুর ইউনিয়নের হাসেম শেখের বাড়ি থেকে সোলায়মানের টেক মসজিদ পর্যন্ত রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের উদ্বোধন করা হয়।

পরে বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৯ কোটি ৫০ লাখ ১৫ হাজার ৪০ টাকা ব্যয়ে ভাটিরা থেকে কালীগঞ্জ পর্যন্ত দৃষ্টিনন্দন সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

একই সময়ে ৬ কোটি ৩৩ লাখ ৫১ হাজার ৮৯৫ টাকা ব্যয়ে জামালপুর ইউনিয়নের জাঙ্গালীয়া জিসি থেকে জামালপুর জিসি ভায়া দোলান বাজার সড়ক উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, বিভিন্ন ইউনিয়নের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।