কারাগার থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে কিশোর, আদালতের বিশেষ অনুমতি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : দেশজুড়ে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিয়েছে নোয়াখালীর এক কিশোর শিক্ষার্থী। হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে থাকা অবস্থাতেই আদালতের বিশেষ অনুমতি নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সে।

শিক্ষার্থীর নাম মাহবুব এলাহী রাজিন (১৫)। সে নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে নোয়াখালী জেলা কারাগারে বন্দি রয়েছে।

কারা ও শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, মাহবুব নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং নোয়াখালী জিলা স্কুল কেন্দ্রে তার পরীক্ষা নির্ধারিত ছিল। তবে বিশেষ ব্যবস্থায় কারাগারের ভেতরেই ওই কেন্দ্রের তত্ত্বাবধানে তার পরীক্ষা নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর প্রথমে মাহবুবকে টঙ্গী কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। পরে তার আবেদনের ভিত্তিতে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেন।

নোয়াখালী জেলা কারাগারের জেলার আবু মুছা বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা শিক্ষা বোর্ডের বিধিমালা অনুসরণ করে তার পরীক্ষা নেওয়া হচ্ছে। বাকি পরীক্ষাগুলোও একইভাবে কারাগারেই অনুষ্ঠিত হবে।”

কারাগারের জেল সুপার আ. বারেক জানান, পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। “আদালতের নির্দেশনা মেনে যথাযথ পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে,” বলেন তিনি।

এদিকে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, নোয়াখালী জেলায় এবারের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় বড় পরিসরে আয়োজন করা হয়েছে। জেলায় মোট ৭৫টি কেন্দ্রে ৩৫ হাজার ৫০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে দাখিলে ৮ হাজার ৬৭১ জন এবং ভোকেশনালে ১ হাজার ৭২৩ জন পরীক্ষার্থী রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আইনি প্রক্রিয়ার মধ্যেও একজন শিক্ষার্থীর শিক্ষার অধিকার নিশ্চিত করার এ উদ্যোগ ব্যতিক্রমী এবং তা ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।