
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার কমলনগরের ৩নং চর লরেঞ্চ ইউনিয়নে গতকাল শুক্রবার (১ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন। বিকেল ২টা ১৫ মিনিট থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন ভোটার ব্যালটের মাধ্যমে ভোট দেন।
এতে সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে মীর শিব্বির আহাম্মদ ও সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে নুর আলম মোরশেদ জয়লাভ করেন। ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া।
ভোট পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, কমলনগর উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক গোলাম কাদের, সদস্য সচিব নুরুল হুদা, যুগ্ম আহ্বায়ক দিদার হোসেন, ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, সাধারণ সম্পাদক জাফর আহম্মদ, সিনিয়র সহ-সভাপতি ওসমান গণি রিফাতসহ নেতৃবৃন্দ।
ভোট শেষে হাছিবুর রহমান বলেন, আমরা রাষ্ট্রে যেমন গণতন্ত্র চাই, তেমনি দলেও গণতন্ত্র চাই। তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী এ প্রক্রিয়া চলছে। তৃণমূলের এই কাউন্সিলগুলোই সংগঠনকে শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা মানুষের ভোটাধিকার হরণ করতে চেয়েছিলেন। কিন্তু গণতন্ত্রপ্রিয় জনগণ তা হতে দেয়নি। বিএনপি মানুষের অধিকার ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাবে।
ভোট দিতে আসা প্রবীণ কর্মী আবুল কাশেম বলেন, আগে শুনতাম, মানুষ কবরে ভোট হয়ে গেছে। এখন নিজের ভোট নিজে দিতে পারছি। এটা অনেক বড় স্বস্তি। নেতাকর্মীরা জানান, এমন কাউন্সিলের মাধ্যমে তৃণমূলে দল আরও সুসংগঠিত হবে, আন্দোলনেও তাতে গতি আসবে।
