
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু এলাকায় একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং নারী হয়রানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নোয়াখালীর সদর উপজেলার কয়েকজনকে অভিযুক্ত করে কমলনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের কর্তা মো. দেলোয়ার।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবসু গ্রামে গত ২ জুন রাত ১১ টা এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, রিকশা ভাড়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দেলোয়ারের ভাতিজা রায়হান ও শাকিবের ওপর হামলা চালানো হয়। এতে তারা আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, পরদিন ২ জুন রাত প্রায় ১১ টার দিকে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা-জানালা দিয়ে দিলে বসতঘরের টিনের বেড়ায় দেশীয় অস্ত্র দিয়ে কুপ মারে এতে করে বসতঘরের টিনের বেড়ায় নষ্ট হয়ে যায়। এ সময় পরিবারের নারী সদস্যদের সঙ্গে অসদাচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
দেলোয়ার বলেন, “ঘটনার সময় আমরা চরম আতঙ্কের মধ্যে ছিলাম। পরিবারের নারী সদস্যরা নিরাপত্তার জন্য টয়লেটে আশ্রয় নেয়। স্থানীয় লোকজন এগিয়ে আসার পর হামলাকারীরা চলে যায়।”
দেলোয়ারের স্ত্রী বলেন, “হামলার সময় আমরা খুব ভয় পেয়ে যাই। ঘরের বাইরে বের হওয়ার মতো পরিস্থিতি ছিল না।”
দেলোয়ারের মেয়ের ভাষ্য, “আমরা প্রাণভয়ে লুকিয়ে ছিলাম। ঘটনার পর থেকে এখনো আতঙ্কের মধ্যে আছি।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সীমান্তবর্তী এ এলাকায় বিভিন্ন সময় বহিরাগতদের আনাগোনা নিয়ে উদ্বেগ রয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com