
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদী–র বুকে জেগে ওঠা নতুন চর ‘চর কাঁকড়া’য় বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে মাসুম (১৭) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মাসুম উপজেলার চর ফলকন জাজিরা এলাকার নুর উদ্দিনের ছেলে। পরিবার ও সহপাঠী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে ১৪ জন বন্ধু মিলে পিকনিকের উদ্দেশ্যে মেঘনার নতুন জেগে ওঠা চরে যান। বেলা একটার দিকে তাঁরা চর কাঁকড়ায় পৌঁছান।
মাসুমের সহপাঠী নাবিল জানায়, তাঁদের মধ্যে ১১ জন রান্নার কাজে ব্যস্ত ছিল। মাসুমসহ তিনজন নদীর পাড়ে রেখে আসা নৌকাটি দেখতে যান। এ সময় হঠাৎ একটি বড় ঢেউ এলে তীরে থাকা তিনজনই পানিতে ভেসে যান। পরে দুজন কোনোভাবে তীরে ফিরতে পারলেও মাসুম আর ফিরে আসেনি।
সহপাঠীরা জানান, বিকেল পর্যন্ত তাঁরা নিজেরা নদীতে খোঁজাখুঁজি করেন। পরে সন্ধ্যার দিকে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পিকনিকে গিয়ে হঠাৎ নদীর তীব্র স্রোতে ভেসে যায় মাসুম। স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি করেও এখনো তাঁর কোনো সন্ধান মেলেনি।
এ বিষয়ে কমলনগর থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, নিখোঁজের খবর পেয়ে বিষয়টি নৌপুলিশকে জানানো হয়েছে। তারা অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।
স্থানীয়রা জানান, মেঘনা নদীতে হঠাৎ জোয়ার ও তীব্র স্রোতের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। নতুন জেগে ওঠা চরে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় ঝুঁকি আরও বেড়েছে।
