
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ইটভাটায় কাজ না করায় এক শ্রমিককে দুই হাত বেঁধে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী কালু মিয়া উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসুর বাদামতলী এলাকার বাসিন্দা। অভিযুক্ত হিসেবে ইসমাইল হোসেন নামে এক ইটভাটা সর্দারের নাম পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে তোরাবগঞ্জ ইউনিয়নের মৌলভিরহাট এলাকার স্লুইসগেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। পরদিন শুক্রবার (১০ এপ্রিল) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।
ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে দোকানের আড়ার সঙ্গে বেঁধে রাখা হয়েছে এবং তাকে লাঠি দিয়ে মারধর করা হচ্ছে। এ সময় তাকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন কথা বলাতে বাধ্য করা হয় বলে অভিযোগ।
স্থানীয়রা জানান, বছরের শুরুতে ৬ মাসের জন্য ৮০ হাজার টাকায় কালু মিয়াকে ইটভাটার কাজে নেওয়া হয়। তিনি চট্টগ্রামের একটি ইটভাটায় কাজ করতেন। অসুস্থ হয়ে কিছুদিন আগে বাড়ি ফিরে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।
অভিযোগ রয়েছে, পরে তাকে শ্বশুরবাড়ি থেকে ধরে এনে ফজুমিয়ারহাট এলাকার একটি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই হাত বেঁধে ঝুলিয়ে মারধর করা হয় এবং জোরপূর্বক পুনরায় কাজে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়।
নির্যাতনের একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে শ্বশুরবাড়ির জিম্মায় ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
অভিযুক্ত ইসমাইল হোসেন ঘটনার আংশিক সত্যতা স্বীকার করে বলেন, “কালুকে কাজের জন্য নেওয়া হয়েছিল। তবে তাকে শুধু ভয় দেখানো হয়েছে, তেমন মারধর করা হয়নি।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com