
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : কমলনগর উপজেলা-এর চর লরেন্স বাজারে বারবার চুরির ঘটনায় ক্ষোভ জানিয়ে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
রোববার সকালে বাজারের সাধারণ ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে দুই ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ নেন।
ব্যবসায়ীরা জানান, চর লরেন্স বাজারে প্রায় ৮০০ দোকান থাকলেও পাহারার দায়িত্বে রয়েছেন মাত্র দুজন কর্মী। গত রমজানের শেষ দিকে বড় ধরনের চুরির ঘটনার পর গত বৃহস্পতিবার রাতে আবারও দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। এতে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাজার পরিচালনা কমিটির মেয়াদ চার বছর আগে শেষ হলেও নতুন কমিটি গঠন করা হয়নি। ফলে বাজারটি অভিভাবকহীন অবস্থায় রয়েছে এবং চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। তারা দ্রুত বাজার কমিটির নির্বাচন এবং পর্যাপ্ত পাহারাদার নিয়োগের দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন কমলনগর প্রেসক্লাবের উপদেষ্টা কাজী মোহাম্মদ ইউনুস, সাংবাদিক আমজাদ হোসেন আমু, ব্যবসায়ী কামাল হোসেন, মিলন লস্কর, মো. ইউসুফ, সিয়াম ও মহিনসহ অনেকে।
পরে ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) সাফায়েত হোসেন। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।
মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, বারবার চুরির ঘটনা দুঃখজনক। বিষয়টি নিয়ে পুলিশ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
