
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালীর কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্যের এ কমিটিতে সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন গোলাম মোমিত ফয়সাল।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)–এর পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮–এর ধারা ২ (১৫) অনুযায়ী স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণে এবং একই আইনের ধারা ২ (৪) ও ৮–এ বর্ণিত ক্ষমতাবলে পরিষদের চেয়ারম্যান এ অ্যাডহক কমিটি অনুমোদন করেন।
নবগঠিত কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা প্রমুখ।
স্থানীয় ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নতুন এ কমিটির মাধ্যমে কবিরহাটে ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে এবং তরুণদের অংশগ্রহণ বাড়বে।
