
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর (কচুয়া) : চাঁদপুরের কচুয়া পৌর বাজারের প্রাণকেন্দ্রে থাকা শতবর্ষী একটি বিশাল বটগাছ কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়েছে। এতে বাজারের কাপড় পট্টির বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে হঠাৎ শুরু হওয়া ঝড়ের তাণ্ডবে কচুয়া পৌর ধান বাজার এলাকায় অবস্থিত বটগাছটি পার্শ্ববর্তী কাপড় পট্টির ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই দোকানগুলো ভেঙে পড়ে এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, শত বছরের পুরোনো এই বটগাছটি শুধু একটি বৃক্ষই ছিল না, বরং কচুয়া বাজারের ইতিহাস ও ঐতিহ্যের অংশ হয়ে উঠেছিল। প্রজন্মের পর প্রজন্ম এর ছায়ায় মানুষ বিশ্রাম নিয়েছে, ব্যবসায়ীরা আড্ডা দিয়েছেন, পথচারীরা পেয়েছেন স্বস্তি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত কাপড় পট্টির ব্যবসায়ী ফখরুল ইসলাম বলেন, “গাছটি দোকানের ওপর পড়ে সব মালামাল ও ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা চরম ক্ষতির মধ্যে আছি, কীভাবে সামাল দেব বুঝতে পারছি না।”
ব্যবসায়ীরা জানান, আকস্মিক এই ঘটনায় দোকানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি নিরূপণ করা যায়নি।
স্থানীয় প্রবীণরা আক্ষেপ করে বলেন, এই বটগাছকে ঘিরেই বাজারের অনেক স্মৃতি ও ঐতিহ্য গড়ে উঠেছিল। গাছটি পড়ে যাওয়ায় মনে হচ্ছে বাজারের একটি ইতিহাসও শেষ হয়ে গেল।
এদিকে ঝড়ে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে ঐতিহ্যবাহী এই বটবৃক্ষের পতনে পুরো কচুয়া বাজারে নেমে এসেছে শোকের ছায়া।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com