

নোয়াখালী প্রতিনিধি : সৌদি আরব থেকে পবিত্র ওমরা হজ পালন শেষে দেশে ফিরে বাড়ি যাচ্ছিলেন নোয়াখালীর এক ব্যবসায়ী। কিন্তু বাড়ি ফেরার পথেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন ওই ব্যবসায়ী, আহত হন তাঁর পরিবারের তিন সদস্য।
নিহত আবুল কালাম আজাদ (৫৩) নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চরদরবেশ গ্রামের নুরুল হক ছোট মিয়ার ছেলে। তিনি স্থানীয় উত্তর ওয়াপদা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে সৌদি আরব থেকে দেশে ফেরেন আজাদ। রোববার (২৬ অক্টোবর) ভোররাতে স্ত্রী নাসিমা আক্তার, মা ও ভাতিজা লিমনকে নিয়ে মাইক্রোবাসে করে গ্রামের বাড়ি ফিরছিলেন তিনি। পথে জেলা শহরের মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
রাতের আঁধারে দুর্ঘটনার বিষয়টি কেউ বুঝতে পারেনি। সকালে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আবুল কালাম আজাদকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”
আজাদের মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com