
নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেদ্দা শহর থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ সময় রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন—সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তাঁর স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), তাঁদের স্কুলপড়ুয়া মেয়ে মেহের আফরোজ (১৩) ও দেড় বছরের কন্যা সুবহা আক্তার। দুর্ঘটনায় গাড়িচালক জিলানী বাবর (৩০) নামের আরও একজন নিহত হন। তাঁদের সবার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের ওশিম উদ্দিন বেপারী বাড়ির শহীদ উল্যাহর ছেলে। নিহত মেহের আফরোজ স্থানীয় টিউরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। অপরদিকে নিহত চালক জিলানী বাবর একই ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের পাটওয়ারী বাড়ির আবুল হোসেন পাটওয়ারী খোকার ছেলে।
নিহত মিজানের বড় ভাই বাহারুল আলম সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৩ ফেব্রুয়ারি মিজান তাঁর স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যান। পাঁচ দিন আগে তাঁরা সৌদিতে বাসা থেকে ওমরাহর উদ্দেশে বের হন। ওমরাহ শেষে রোববার রাতে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে তাঁদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলেই পাঁচজন মারা যান।
মিজানুর রহমানের মামাতো ভাই রিফাতুল ইসলাম জানান, পার্শ্ববর্তী গ্রামের সৌদি প্রবাসী পারভেজ ভূঁইয়ার মাধ্যমে তাঁরা দুর্ঘটনার খবর পান। পরে নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়। একই ঘটনায় মিজানের মেঝো মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়েছে। তাকে জেদ্দা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে চলছে মাতম। বাকরুদ্ধ হয়ে পড়েছেন মিজানের বাবা শহীদ উল্যাহ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শোকাহত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
