

- লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিএনপির যুগ্ম-মহাসচিব
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পুঁথিগত শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হলে শিক্ষার্থীরা দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তিনি বলেন, ‘সারাদেশের মতো লক্ষ্মীপুরেও মাদক আজ একটি ভয়াবহ ব্যাধি।
একজন নির্বাচিত প্রতিনিধি মাদকমুক্ত সমাজ গড়তে পারবেন না—এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন ও সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়া।
মাদককারবারীরা সংখ্যায় কম, তবে সবাই ঐক্যবদ্ধ হয়ে জোরে আওয়াজ তুললে তারা পালিয়ে যেতে বাধ্য হবে।’
শনিবার (২৯ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে এ্যানি বলেন, ‘সবাই রাজনীতি করতে পারে, কিন্তু সবাই নির্বাচিত প্রতিনিধি হবে—এ কথা ঠিক নয়। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ পিএইচডি ডিগ্রিধারী গবেষক হবেন। আবার কেউ বিসিএস দিয়ে এসপি, ডিসি বা সচিব হবেন। এসব স্বপ্ন এখন থেকেই লক্ষ্য ঠিক করে, দায়িত্ব নিয়ে এগিয়ে নিতে হবে।’
লক্ষ্মীপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হামেদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, পরিচালক ফারুক হোসাইন নুরনবী, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ ও জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার প্রমুখ।
আইডিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ বছর ধরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। চলতি বছর ২২ নভেম্বর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ জিতেছে লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আবির। দ্বিতীয় হয়েছে একই বিদ্যালয়ের জান্নাতুল মাওয়া মাহী, আর তৃতীয় হয়েছে পিটিআই সরকারি পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থী অহেনজিতা ভৌমিক।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com