এ্যানি পেলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব, লক্ষ্মীপুরে মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ দিন আগে

নাজমুল হোসেন : নবগঠিত মন্ত্রিসভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর–৩ (সদর) আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ গ্রহণ অনুষ্ঠানটি বিভিন্ন গণমাধ্যমের ফেসবুক পেজ, অনলাইন পোর্টাল ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠান শেষে এ্যানীর মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়লে লক্ষ্মীপুর জেলা শহরে দলীয় নেতা–কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

সন্ধ্যার পর থেকেই লক্ষ্মীপুর জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মিষ্টি বিতরণ করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। উত্তর তেহমুনী, চকবাজার, সামাদ স্কুল মোড় ও হাসপাতাল রোড এলাকায় পথচারী, ব্যবসায়ী ও অটোরিকশা যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নেতা জিদান চৌধুরী হাসপাতাল রোড এলাকায় নিজ উদ্যোগে ব্যবসায়ী, পথচারী ও দলের নেতা–কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, “এ্যানি ভাই দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে আসছেন। তাঁর মন্ত্রী হওয়া লক্ষ্মীপুরবাসীর জন্য গর্বের।”

শহরের তিতা খাঁ জামে মসজিদ এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ চলন্ত অটোরিকশা চালক ও যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। অন্যদিকে পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ বিপুলসংখ্যক নেতা–কর্মী নিয়ে চকবাজার এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করেন।

এ্যানি চৌধুরীর মন্ত্রী হওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছার জোয়ার দেখা যায়। লক্ষ্মীপুরবাসী ও দলীয় নেতা–কর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে তাঁকে অভিনন্দন জানান এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

দলীয় নেতা–কর্মীরা আশা প্রকাশ করেন, এ্যানি’র নেতৃত্বে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের নদীভাঙন, জলাবদ্ধতা ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।