
সীমান্ত বাণিজ্য সচলে আশাবাদ, কাটেনি ব্যাংকিং জটিলতা
বাণিজ্য ডেস্ক : দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও সচল হতে শুরু করেছে টেকনাফ স্থলবন্দরকেন্দ্রিক সীমান্ত বাণিজ্য। এর অংশ হিসেবে বৃহস্পতিবার টেকনাফ থেকে মিয়ানমারে ৬৫ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ রপ্তানির মাধ্যমে স্থবির হয়ে পড়া সীমান্ত বাণিজ্যে নতুন গতি ফিরতে শুরু করেছে।
বৃহস্পতিবার দুপুরে আলুভর্তি একটি কাঠের বোট টেকনাফ স্থলবন্দর ছেড়ে মিয়ানমারের উদ্দেশে রওনা দেয়। সীমান্ত বাণিজ্য বন্ধ হওয়ার পর এটিই বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রথম নিত্যপণ্য রপ্তানির ঘটনা।
এর আগে গত ১ এপ্রিল আরাকান আর্মি নিয়ন্ত্রিত মিয়ানমারের মংডু এলাকা থেকে একই ধরনের একটি বোটে করে টেকনাফ স্থলবন্দরে ৯৬৩ পিস চম্পাফুল ও গর্জন কাঠ আমদানি করা হয়েছিল। এরপর থেকেই সীমিত পরিসরে বাণিজ্য পুনরায় চালুর সম্ভাবনা তৈরি হয়।
টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে সিএন্ডএফ এজেন্ট মেসার্স ফারুক ট্রেডার্সের মাধ্যমে ৬৫ মেট্রিক টন আলু মিয়ানমারে রপ্তানি করা হয়েছে। এর মধ্য দিয়ে স্থলবন্দরের কার্যক্রম আবারও সচল হওয়ার ইঙ্গিত মিলছে।
টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফ শাখার মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, সব আনুষ্ঠানিকতা শেষে আলুভর্তি বোটটি মিয়ানমারের উদ্দেশে যাত্রা করেছে। ভবিষ্যতে আমদানি–রপ্তানি কার্যক্রম আরও বাড়বে বলে আশা করছেন তিনি।
স্থলবন্দরের আমদানিকারক ও রপ্তানিকারক ওমর ফারুক বলেন, সরকারের সহযোগিতায় দীর্ঘদিন পর সীমান্ত বাণিজ্য আবার শুরু হয়েছে। তবে পুরোপুরি কার্যক্রম স্বাভাবিক করতে ব্যাংকিং–সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান করা প্রয়োজন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে গত বছরের এপ্রিল থেকে টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। আরাকান আর্মি ও মিয়ানমারের জান্তা সরকারের সংঘাতের জেরে সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে। এতে দুই দেশের মধ্যে আমদানি–রপ্তানি বন্ধ হয়ে স্থবির হয়ে পড়ে সীমান্ত বাণিজ্য।
তবে সাম্প্রতিক সময়ে সীমিত আকারে পণ্য পরিবহন শুরু হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com