

নিজস্ব প্রতিবেদক :
এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ফল তৈরি এবং কিভাবে প্রকাশ করা হবে তার পন্থা নিয়ে বৈঠক হবে আজ (বুধবার)।
জানা যায়, সকাল ১১টায় সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকদের বৈঠক ডাকা হয়েছে। এ থেকে সুপারিশ তৈরি করে পাঠানো হবে; সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে পরীক্ষা বাতিলের তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অনিবার্য কারণবশত এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হলো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। তপন কুমার সরকার বলেন, ‘স্থগিত হওয়া পরীক্ষাগুলো না নেয়ার জন্য এইচএসসি পরীক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই স্থগিত বিষয়গুলোর পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। ফলাফল কীভাবে নির্ধারণ হবে, তা পরে সিদ্ধান্ত হবে।
শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় সচিবের কক্ষের বাইরে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনরত অনেক পরীক্ষার্থী।
কোটা সংস্কার আন্দোলন ক্রমেই তীব্র হয়ে উঠায় উদ্ভূত পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা কয়েক দফা স্থগিত করা হয়। এতে কয়েক ধাপে পরীক্ষা পেছানো হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com