
সাতক্ষীরা প্রতিনিধি : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতাসহ বেশ কিছু দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষকরা। শনিবার (১১ অক্টোবর) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বাআশিফ) সাতক্ষীরা জেলা শাখা।
সমাবেশে শিক্ষকরা বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড হলেও বছরের পর বছর তারা বৈষম্যের শিকার। উৎসব বোনাস, বাড়িভাতা ও চিকিৎসা ভাতাসহ ন্যায্য সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত।
সভায় সভাপতিত্ব করেন বাআশিফ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুর এবং সঞ্চালনা করেন সেক্রেটারি প্রভাষক আব্দুল জলিল।
সমাবেশে বক্তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন:
এমপিওভুক্ত শিক্ষকদের ৫০ শতাংশ বাড়িভাতা
১০০ শতাংশ উৎসব ভাতা
মাসিক ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা
নন-এমপিও ও ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করা
অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর ভাতা দ্রুত পরিশোধ
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, ‘শিক্ষা খাতে এখনো পাহাড়সম বৈষম্য বিরাজ করছে। সরকারের উচিত শিক্ষকদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা। তা না হলে শিক্ষক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।’
তিনি আরও বলেন, ‘অন্যান্য কমিশনের মতো একটি স্বতন্ত্র শিক্ষা কমিশন গঠন এখন সময়ের দাবি।’
সমাবেশে আরও বক্তব্য দেন আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, সখীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইয়াকুব আলী, সরাপপুর হাইস্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, অধ্যাপক আব্দুল ওয়ারেশ, অধ্যাপক বখতিয়ার উদ্দিন, অধ্যাপক আকবর হোসেন ও অধ্যাপক গোলাম আজম।
বক্তারা বলেন, শিক্ষকদের বঞ্চিত রেখে গুণগত শিক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। শিক্ষকের মর্যাদা ও ন্যায্য পাওনা নিশ্চিত করলেই একজন দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
সমাবেশ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে একটি বিক্ষোভ মিছিল শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেটি পুনরায় পার্কে এসে শেষ হয়।
