
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আজ শুক্রবার উত্তর জয়পুরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এ সময় দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দুপুরে মন্ত্রী উত্তর জয়পুরে পৌঁছালে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা ফুলেল শুভেচ্ছা জানান।
বক্তব্যে মন্ত্রী বলেন, “পানি সম্পদ ব্যবস্থাপনায় সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। নদী খনন, বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও সেচ ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলছে।”
তিনি আরও বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্থানীয় সমস্যাগুলো সরেজমিন পরিদর্শন করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।
সমাবেশে স্থানীয় নেতারা বলেন, মন্ত্রীর আগমন উত্তর জয়পুরের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে। বিশেষ করে নদী ভাঙন রোধ, খাল পুনঃখনন এবং কৃষি সেচ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
