

নিজস্ব প্রতিবেদক :
করমণ্ডল দুর্ঘটনার ক্ষত শুকোতে না শুকোতেই ভারতের উড়িষ্যায় আবার ট্রেন দুর্ঘটনা ঘটেছে। বালেশ্বরের বাহানগা বাজারে ট্রেন দুর্ঘটনার ৪ দিনের মাথায় সোমবার (৫ জুন) একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জানা গেছে, চুনাপাথর নিয়ে যাচ্ছিল ট্রেনটি। কী কারণে লাইনচ্যুত হলো তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ডুংরি চুনাপাথর খনি ও বারগড়ে একটি সিমেন্ট কারখানার মধ্যে ন্যারো গেজ লাইন রয়েছে। সেখানেই লাইনচ্যুত হয়েছে ট্রেনটি। ওই রেলপথের সঙ্গে ভারতীয় রেল যুক্ত নয়।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়। দুর্ঘটনাগ্রস্ত হয় বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসও। দুর্ঘটনায় একটি মালগাড়ির কামরার উপর উঠে যায় করমণ্ডলের ইঞ্জিন। এতে ২৮৮ জনের মৃত্যু হয়েছে। যদিও রোববার উড়িষ্যার সরকার জানিয়েছে, মৃতের সংখ্যা ২৭৫।
ভয়াবহ দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর রোববার রাত ১০টা ৪০ মিনিটে বালেশ্বরের রেলপথে ডাউন লাইন দিয়ে প্রথম একটি পণ্যবাহী ট্রেন চালানো হয়। পরে রাত ১২টা ৫ মিনিটে আপ লাইন দিয়ে চালানো হয় আরও একটি ট্রেন। এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার উড়িষ্যাতেই লাইনচ্যুত হলো পণ্যবাহী ট্রেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com