
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : গতকাল বৃহস্পতিবার সকালে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লক্ষ্মীপুর জেলার রায়পুর ও রামগতি উপজেলায় অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে জেলা প্রশাসন মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।
রায়পুর উপজেলার বিভিন্ন বাস কাউন্টার ও বাসে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দুইটি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে যাত্রীদের নিকট থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়। বাস কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।
একই দিন রামগতি উপজেলায়ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ৭টি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে যাত্রীদের স্বার্থে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়।
জেলা প্রশাসন জানায়, ঈদুল আযহা ও অন্যান্য উৎসবের সময় যাত্রীদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রী সেবায় শৃঙ্খলা ও ন্যায্যতা বজায় রাখতে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
