অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নজরদারি, যানজট নিরসন ও মাদকবিরোধী অভিযান জোরদারের সিদ্ধান্ত
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে লক্ষ্মীপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর নজরদারি, সড়কে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আগাম প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হয়। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি বাড়ানোর কথা বলা হয়। একই সঙ্গে সড়কে যানজট কমাতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং অবৈধভাবে ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার ও ধারাবাহিকভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।
সভায় পুলিশ সুপার মো. আবু তারেকসহ জেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com