

মোঃ শিহাব উদ্দিন শেখ :
সাভারের আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষ যখন স্বাভাবিক হয়ে আসছিল ঠিক সেই মুহূর্তে আবারও বিক্ষিপ্ত কিছু ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশের এই প্রধান পোষাক রপ্তানিকারক অঞ্চল।
সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে দুটি কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন শ্রমিক।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২০জন। তবে স্থানীয় শ্রমিকেরা বলছেন, এ সংখ্যা আরও বেশি হতে পারে।
উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, নিহত নারী শ্রমিকের নাম মোছা. রোকেয়া বেগম। তিনি মাসকট গার্মেন্টসের সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। রোকেয়া ২০২১ সালের ১ ডিসেম্বর কারখানাটিতে কাজে যোগ দেন।
জানা গেছে, মাসকট গার্মেন্টস শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ছিল। আজ সকালে বন্ধ কারখানার ফটকের সামনে মাসকটের শ্রমিকেরা অবস্থান নেন। এসময় শ্রমিকরা জানান , মালিকপক্ষ গেটে নোটিশ টানিয়ে দিয়ে বলেছে যে, আমাদেরকে তিন মাস ১৩ দিনের বেতন পরিশোধ করে কারখানা বন্ধ ঘোষণা করেছে । কিন্তু শ্রমিকরা দাবি করেন, এটা পুরোপুরি অসত্য। মালিকপক্ষ আমাদের সাথে মিথ্যার আশ্রয় নিয়েছেন । মালিকপক্ষ আমাদের সাথে বেতন প্রদান এবং কারখানা বন্ধ ঘোষণা এর ব্যাপারে কোন আলোচনাই করেননি । কর্তৃপক্ষের কথায় প্রতিদিনই আমরা কারখানায় আসছি এবং এসে কারখানার গেট তালাবদ্ধ দেখি। আমরা কথা বললেই জানায় আবার আগামীকাল আসতে। এভাবে কিছুদিন যাবত আমরা আসা-যাওয়া করছি। আজ আমরা সব শ্রমিকরা একটা সুষ্ঠু সমাধানের আশায় কারখানার সামনে অবস্থান নিয়েছি ।শ্রমিকরা দাবি জানান,আমাদের তিন মাসের বেতন পরিশোধ করে কারখানা বন্ধ ঘোষণা করে দিক আমাদের কোন আপত্তি নাই। কিন্তু কারখানা খোলা রাখবে না আবার আমাদের বেতনও দিবে না ।এটা আমরা মানি না, মানবো না।
মাসকট গ্রুপের গার্মেন্টস শ্রমিকরা দাবি করেন, তাদের এই শান্তিপূর্ন অবস্থান কর্মসুচী চলার এক পর্যায়ে পাশের সাউদার্ন ও রেডিয়েন্স গার্মেন্টসের শ্রমিকরা তাদের বিল্ডিং এর ছাদ থেকে রাস্তায় অবস্থান করা মাসকট গ্রুপের শ্রমিকদের উপর অতর্কিত ইটপাটকেল দিয়ে হামলা শুরু করে। এরপর সাউদার্ন ও রেডিয়েন্সের শ্রমিকদের সঙ্গে মাসকটের শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এই সংঘর্ষে মাসকটের শ্রমিক রোকেয়া বেগম মারা যান।
শিল্প পুলিশের একজন কর্মকর্তা জানান, মাসকট গার্মেন্টসের সামনে শ্রমিকদের এই ত্রিমুখী সংঘর্ষে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪জন শ্রমিক।
আশুলিয়া শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সকাল পৌনে দশটার দিকে মাসকট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে অন্য কারখানার শ্রমিকদের সংঘর্ষে ইটপাটকেল লেগে একজন শ্রমিক মারা যান। নিহতের লাশ পিএমকে হাসপাতালে রয়েছে। পরবর্তীতে নিহত নারী শ্রমিককের লাশ কারখানার সামনে নিয়ে আসা হয় ।এ ছাড়া দুইজন আহত শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন। এছাড়াও স্থানীয় কয়েকটি হাসপাতালেও কিছু আহত শ্রমিক ভর্তি হয়েছে বলে জানা যায়। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকার সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে দুই সপ্তাহের বেশি সময় ধরে পোষাক শিল্পে এ অস্থিরতা চলছে। শিল্পাঞ্চল দুইটির অধিকাংশ তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গত রোববার শান্তিপূর্ণভাবে কাজ করছেন। তবে দুই ডজন কারখানা বন্ধ ও ছুটি ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে মাসকট কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ দেখতে পায়। এতে মাসকটের শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে তাদের কারখানার সামনে অবস্থান কর্মসূচি নেয়। রেডিয়্যান্ট গার্মেন্টসের শ্রমিকরা কাজ বন্ধ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে দুই গার্মেন্টসের শ্রমিকরাই সংঘর্ষে লিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ইটপাটকেলের আঘাতে মাসকট কারখানার রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হয়। এসময় উভয়পক্ষের আরও অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, সকালে মাসকট কারখানার শ্রমিকরা রাস্তায় অবস্থান করার কারনে তাদের পাশের গার্মেন্টস রেডিয়্যান্ট নামে একটি কারখানার শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় উভয়পক্ষের ইটপাটকেলের আঘাতে এক নারী শ্রমিক নিহত হয়েছে। ঘটনাস্থলে শিল্প পুলিশ, জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা সহ সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরেজমিনে জানা যায়, আনুমানিক দুপুর ২.৩০ সময় বিজিএমই কর্তৃপক্ষ, মাসকট গ্রুপ মালিক কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে একটা সুষ্ঠু সমাধানের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com