
সিরাজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনিতে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাশ মন্ডল (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) ভোররাতে উপজেলার ফকরাবাদ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, এ ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে আশাশুনি থানায় মামলা করেছেন। গ্রেপ্তার পলাশ মন্ডল উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের নরেন্দ্রনাথ মন্ডলের ছেলে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৫ এপ্রিল রাত আটটার দিকে ফকরাবাদ মৌজায় পলাশ মন্ডলের মৎস্য ঘেরের একটি বাসায় ওই নারীকে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগীর বাবা আশাশুনি থানায় গিয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে পুলিশ ধর্ষণের মামলা নেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ আলম অভিযান চালিয়ে সোমবার ভোররাতে পলাশ মন্ডলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর পলাশ মন্ডলকে আদালতে পাঠানো হয়েছে।
