
আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় ধ্বংসাবশেষের আঘাতে নিহত বাংলাদেশি শাহ আলমের মরদেহ আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশে পৌঁছাবে।
বাংলাদেশ দূতাবাস, আবুধাবি এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে মরদেহ বিশেষ ব্যবস্থাপনায় দেশে পাঠানো হচ্ছে। এমিরেটস এয়ারলাইন্সের EK 0580 ফ্লাইটে মরদেহ আনা হবে। ফ্লাইটটি ৯ এপ্রিল সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। মরদেহের সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন তার শ্যালক শরিফুল।
দূতাবাস জানিয়েছে, শাহ আলমের আকস্মিক মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
শাহ আলমের মৃত্যুতে তার নিজ গ্রাম ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল স্থানীয় সময় ভোরে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষ তার ওপর পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
