
মোহাম্মদ আরমান চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত
: প্রবাসের মাটিতে বাংলাদেশের ফুটবলের জোয়ার তুলতে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ প্রবাসী প্রিমিয়ার ফুটবল লীগ’। দেশের আটটি বিভাগকে প্রতিনিধিত্ব করে গঠিত দলগুলো ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে।
দলগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ। আয়োজক কমিটি জানিয়েছে, আগামী ৭ নভেম্বর এই লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি ফুটবলপ্রেমী ও কমিউনিটি সদস্যদের উদ্যোগে এই প্রথম এত বড় পরিসরে ফুটবল লীগের আয়োজন হতে যাচ্ছে। প্রবাসীদের ব্যস্ত জীবনের মাঝেও মাতৃভূমির খেলাধুলার আবেগ ধরে রাখতে এটি এক ব্যতিক্রমী পদক্ষেপ বলে আয়োজকরা মনে করছেন।
চট্টগ্রাম বিভাগের প্রধান পৃষ্ঠপোষক শাহাদাত হোসেন বলেন, “এই প্রবাসী প্রিমিয়ার ফুটবল লীগ শুধু একটি টুর্নামেন্ট নয়; এটি হাজার মাইল দূরে থেকেও প্রবাসীদের হৃদয়ে বাংলাদেশের স্পন্দন ফিরিয়ে আনার এক অনন্য প্রচেষ্টা।”
আয়োজকদের মতে, এই লীগের মূল উদ্দেশ্য হলো প্রবাসে থাকা তরুণ ও প্রতিভাবান বাংলাদেশি ফুটবলারদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা এবং তাদের মধ্যে দেশীয় ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানো।
এরই মধ্যে আটটি দলের খেলোয়াড়রা প্রতিদিন মাঠে অনুশীলন করছেন। কোচরা দল সাজাতে ও কৌশল নির্ধারণে ব্যস্ত সময় পার করছেন। আয়োজক কমিটি আশা করছে, উদ্বোধনের দিন থেকেই মাঠে গড়াবে হাড্ডাহাড্ডি লড়াই।
