
নিজস্ব প্রতিবেদক, আরব আমিরাত : সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত দুটি বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠান ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় এসব প্রতিষ্ঠানের গড় পাশের হার প্রায় ৯৫ শতাংশ।
আবুধাবি প্রদেশের শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং রাস আল খাইমাহ প্রদেশের রাস আল খাইমাহ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ—এই দুটি প্রতিষ্ঠান বাংলাদেশের কারিকুলামে পরিচালিত হয় এবং দেশটির বাংলাদেশি প্রবাসী শিক্ষার্থীদের জন্য অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে।
শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল সূত্রে জানা যায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৪৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৭.৭৩ শতাংশ। ফলাফলের বিশ্লেষণে দেখা যায়—
গোল্ডেন এ+ পেয়েছে ১ জন
এ+ পেয়েছে ৭ জন
এ পেয়েছে ২৮ জন
এ– পেয়েছে ৭ জন
সি গ্রেড পেয়েছে ১ জন
অন্যদিকে, রাস আল খাইমাহ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ১৭ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে:
১৩ জন অংশগ্রহণ করে
১ জন এ+
১১ জন এ গ্রেড
ব্যবসায় শিক্ষা বিভাগে:
৬ জন অংশগ্রহণ করে
১ জন এ+
৪ জন এ গ্রেড
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে বাংলাদেশের জাতীয় শিক্ষাবোর্ডের সময়সূচি অনুযায়ী আমিরাতেও এইচএসসি পরীক্ষা শুরু হয়। ঢাকা বোর্ডের অধীনে আমিরাতের দুটি কেন্দ্র থেকে মোট ৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
প্রবাসীদের অভিযোগ, আমিরাতের ৭টি প্রদেশের মধ্যে মাত্র ২টি প্রদেশে বাংলাদেশি স্কুল থাকায় বাকি ৫টি অঞ্চলের বাংলাদেশি শিক্ষার্থীরা বাংলা ভাষা ও কারিকুলামে পড়ালেখা করতে পারছে না। বিশেষ করে দুবাই ও শারজাহর মতো গুরুত্বপূর্ণ প্রদেশে বাংলাদেশি স্কুল না থাকায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে ভারতীয় বা ইংরেজি মাধ্যমে পড়ালেখা করছে।
প্রবাসী বাংলাদেশিরা জানান, বিদেশে বেড়ে ওঠা সন্তানদের জন্য বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা ধরে রাখতে দেশের কারিকুলামে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। তাঁরা এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
