
১১৬ জন শিক্ষার্থীকে ফুল ও বই দিয়ে বরণ, মানসম্মত শিক্ষা প্রসারে কলেজের ভূমিকার প্রশংসা
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর পৌরসভার একমাত্র বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেছেন, শিক্ষা হলো নৈতিকতা ও মানবিকতার চর্চার প্রধান মাধ্যম। মানসম্মত শিক্ষার প্রসারে কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজটির প্রতিষ্ঠাতা ছিলেন মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সাব-সেক্টর কমান্ডার বীর উত্তম মেজর জিয়াউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষ নবীনবরণ ও বই বিতরণের মাধ্যমে ১১৬ জন নতুন শিক্ষার্থীকে ফুল ও বই দিয়ে বরণ করে নেয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই শিক্ষার মূল লক্ষ্য নয়। বরং শিক্ষা হলো নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার একটি প্রক্রিয়া, যা একজন ব্যক্তিকে দেশ ও সমাজের জন্য উপযোগী করে তোলে। তিনি কলেজের মানসম্মত শিক্ষাদানের প্রচেষ্টার প্রশংসা করেন।
কলেজ অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি এস. এম. সাইদুল ইসলাম কিসমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবাইয়াত ফেরদৌস এবং জেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সভাপতি আসাদ্দুজ্জামান মিঠু।
বক্তব্য শেষে দোয়া মাহফিল ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
