
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা | সাতক্ষীরায় দুস্থ, প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে মানবিক সংস্থা ঋশিল্পী ইন্টারন্যাশনাল। সোমবার (১৩ জুলাই) দুপুরে শহরের বিনেরপোতা এলাকায় সংস্থার প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১০০ জন সুবিধাভোগীর হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। এছাড়া ঋশিল্পী ইন্টারন্যাশনালের পরিচালক সৈয়দ মোহাম্মদ খালেদসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘মানবিক যেকোনো ভালো কাজের সঙ্গে আমি সবসময় আছি এবং থাকব।’ এ সময় তিনি মানবিক সংস্থাটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে চার লাখ টাকা অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেন।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, অসহায় মানুষের কষ্ট লাঘবে তাদের এই মানবিক কার্যক্রম চলমান থাকবে।
