
রংপুর প্রতিনিধি
: শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি উদ্যোক্তা সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস।
সোমবার (২২ ডিসেম্বর) রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৭ম ধাপ) কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৪ দিনব্যাপী এ প্রশিক্ষণে ১৩৪ জন তরুণ ও শিক্ষিত আনসার সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপমহাপরিচালক বলেন, একটি সুসংগঠিত ও মর্যাদাশীল বাহিনী হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী করতে মহাপরিচালক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে।
তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম বিএএমএস। এ সময় সদর উপজেলা প্রশিক্ষক মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের শারীরিক সক্ষমতা ও কৌশলগত অনুশীলন প্রদর্শন করা হয়। পরে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের ক্রেস্ট প্রদান এবং অংশগ্রহণকারী সবার হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়।
