
নিজস্ব প্রতিবেদক : ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বন্ধ থাকা একটি ইউনিট পুনরায় চালু হয়েছে। ফলে কেন্দ্রটির দুই ইউনিট থেকেই আবার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার রাত পৌনে আটটা থেকে বন্ধ ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ করতে শুরু করে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে একটি ইউনিট বন্ধ থাকায় প্রায় ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে গিয়েছিল। এতে জাতীয় গ্রিডে চাপ সৃষ্টি হয়।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল কেন্দ্রটির একটি ইউনিটে হঠাৎ ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়। ওই দিন দুই ইউনিট মিলিয়ে সর্বোচ্চ ১ হাজার ৪৯৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছিল। কিন্তু দুপুর দুইটার দিকে উৎপাদন কমে প্রায় সাড়ে ৭০০ মেগাওয়াটে নেমে আসে।
পিডিবি ও আদানি গ্রুপের দায়িত্বশীল সূত্র জানায়, ত্রুটিগ্রস্ত ইউনিটটির একটি বিয়ারিং থেকে অস্বাভাবিক শব্দ শোনা গেলে সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে উৎপাদন বন্ধ করা হয়। পরে ত্রুটি শনাক্ত করে মেরামত সম্পন্ন করা হয়।
ঝাড়খণ্ডে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে মোট ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়। এ বিদ্যুৎ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হয়। ২০২৩ সালের মার্চে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াট এবং একই বছরের জুনে দ্বিতীয় ইউনিট থেকে সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
এদিকে আদানি গ্রুপ জানিয়েছে, বাংলাদেশের কাছে তাদের ৬৮৮ মিলিয়ন মার্কিন ডলার পাওনা রয়েছে। দ্রুত এ বকেয়া পরিশোধের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত ১৭ এপ্রিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে পাঠানো এক চিঠিতে আদানির ব্যবস্থাপনা পরিচালক প্রণব আদানি এ বিষয়ে উল্লেখ করেন। দীর্ঘদিন বকেয়া পরিশোধ না হলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
তবে বকেয়া অর্থের পরিমাণ নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। পিডিবির দাবি, আদানি কয়লার মূল্য বেশি নির্ধারণ করেছে। এ নিয়ে বিরোধ বর্তমানে সিঙ্গাপুরে সালিশ পর্যায়ে রয়েছে। আদানি বলছে, মোট পাওনার মধ্যে ৩৯৩ মিলিয়ন ডলার বিতর্কহীন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com