আঞ্চলিক মহাসড়কের পাশে ময়লার ভাগাড় নাক চেপে চলাচল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • মো: ওমর ফারুক :

লক্ষ্মীপুর-চাঁদপুর সীমান্তবর্তী রায়পুর পৌরসভার বোয়াডার বাজার এলাকা যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এ কারণে এই এলাকা দিয়ে চলাচলে জনসাধারণের সমস্যা হচ্ছে। হাজারো পথচারীকে নিত্যদিন নাক চেপে পথ চলতে হয়।

এখানে রায়পুর উপজেলাকে বিদায় ও স্বাগত জানিয়ে দুটি ফলকও রয়েছে। আবর্জনায় লাগানো আগুনের ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে থাকে।

সরেজমিন দেখা যায়, রায়পুর-চাঁদপুর মহাসড়কের পাশেই একটি বিশাল জলাশয়। এটি উপজেলার চরপাতা ইউনিয়নের অংশ। ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে জলাশয়টি। ইজারাদারদের কিছু না জানিয়েই প্রায় দুই বছর ধরে এখানে আবর্জনা ফেলা হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ‘ময়লা ফেলে ব্যবসায়িকভাবে আমাদের ক্ষতি করা হচ্ছে। গন্ধ ও ধোঁয়ার কারণে বাজারে ক্রেতাদের উপস্থিতিও দিন দিন কমে যাচ্ছে।’

বোয়াডার বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ আমিন বলেন, ‘পৌর কর্তৃপক্ষ আমাদের কোনো কথাই শুনছে না। ব্যবসায়ীরা নাক চেপে দুর্গন্ধের মধ্যেই প্রতিষ্ঠান চালাতে বাধ্য হচ্ছেন।’

জলাশয়ের ইজারাদারদের একজন ইউপি সদস্য মো. লিটন বলেন, ‘২০০৯ সাল থেকে আমরা ১০ জন যুবক জলাশয়টিতে মাছ চাষ করে আসছি। জেলা পরিষদ প্রতি বছর ৬ হাজার টাকা করে নিচ্ছে।

রায়পুর পৌরসভার প্যানেল মেয়র আইনুল কবির মনির ভূঁইয়া বলেন, নিজেদের কোনো জায়গা না থাকায় ওই সরকারি জলাশয়টিতে ময়লা ফেলা হচ্ছে। বিকল্প জায়গা তৈরি হয়ে গেলে সেখানে হয়তো আর ময়লা ফেলতে হবে না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বাহারুল আলম বলেন, ধোঁয়া ও দুর্গন্ধে যেকোনো ব্যক্তির ফুসফুস আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজন দাশ বলেন, বিষয়টি আমার জানা ছিল না। জলাশয়ে এভাবে ময়লা ফেলা ঠিক না।