

লক্ষ্মীপুর প্রতিনিধি
: লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে বিএনপির এক প্রার্থীর পক্ষে সমাবেশ করায় এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেলে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মধ্য চর রমনী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে ওই সমাবেশের আয়োজন করা হয়।
এ ঘটনায় নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আব্দুর রহিম নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ নাহিদ শেখ সুমন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তা আদায় করা হয়।
নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী বা তাঁর সমর্থক সভা, সমাবেশ, মিছিল বা শোভাযাত্রা করতে পারেন না। এ বিধি অমান্য করলে তা সরাসরি আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ নাহিদ শেখ সুমন বলেন, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com