
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোতাহার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হাজিরহাট বাজার গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোতাহার হোসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের ছোট ভাই এবং হাজিরহাট বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী।
পুলিশ জানায়, সরকার পতনের আগের দিন লক্ষ্মীপুর শহরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন টিপুসহ চার-পাঁচ শ সন্ত্রাসী একত্রি হয়ে সাধারণ জনগণের ওপর গুলি চালায়।
এ সময় পুলিশসহ অনেক হতাহতের ঘটনা ঘটে।
পরবর্তীতে ১৭ সেপ্টেম্বর লক্ষ্মীপুর জেলা শহরের আল সবুজ ভূঁইয়া সালাউদ্দিনসহ ১’শ ৬৩ জনের উল্লেখ করে লক্ষ্মীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল আদালতে মামলা করেন।
মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩’শ থেকে ৩’শ ৫০ জনকে আসামি করা হয়। ওই মামলায় মোতাহারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মোতাহার হোসেনকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
