অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস বিক্রির চেষ্টা: ব্যবসায়ীকে জরিমানা 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া এলাকায় অ্যানথ্রাক্সে আক্রান্ত একটি গরুর মাংস বিক্রির চেষ্টা করার অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৬ অক্টোবর) রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মাংস ব্যবসায়ী রাজা হোসেন (৩৫) এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি একটি অসুস্থ গরু জবাই করার চেষ্টা করেছিলেন এবং মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গণমাধ্যমকর্মীরা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন ঘটনাস্থলে গিয়ে মাংস বিক্রির চেষ্টা যাচাই করেন এবং রাজাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া, অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওলিউল্লাহ জানিয়েছেন, গরুটি গুরুতর অসুস্থ ছিল এবং এর একটি পা পচে গিয়েছিল। গরুর দেহে অ্যানথ্রাক্সের উপসর্গ পাওয়া যায়, যা মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। “এ মাংস মানবদেহের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত,” বলেও তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। অসুস্থ বা মৃত পশুর মাংস বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ।” তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের পর আক্রান্ত গরুর মাংস পুড়িয়ে বিনষ্ট করা হয়।